পঞ্চগড়ে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে চলমান হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির আহবায়ক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস। অনুষ্ঠানে বক্তব্য দেন সমন্বয় কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, পরিবার পরিকল্পনার উপ পরিচালক মো. মোদাব্বের হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনাসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও প.প. কর্মকর্তাগণ। সভায় সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সমন্বয় কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান জানান, হাম-রুবেলা ক্যাম্পেইনে পঞ্চগড় জেলায় এক লাখ ৩৮ হাজার ৯৬৯ শিশুকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এরই মধ্যে এক লাখ ৩৮ হাজার ৩৭৬ জন শিশুকে টিকা দেয়া হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৯৯.৬%। আগামী ১০ মে পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রার বাকি শিশুসহ বাদ পড়া শিশুদের খুঁজে টিকা প্রদান করা হবে বলে তিনি জানান। #












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































